গায়ের রং দুধসাদা নয় বলেই ছবি থেকে বাদ! বিস্ফোরক মন্তব্য বাণী কাপূরে
নয়াদিল্লি | প্রতিবেদক: বাবণ দাস | DCN News | ২২ জুলাই ২০২৫বলিউডের মঞ্চে টিকে থাকা মুখের কথা নয় — সম্প্রতি এক সাক্ষাৎকারে বিস্ফোরক মন্তব্য করলেন বলিউড অভিনেত্রী বাণী কাপূর। জানালেন, শুধুমাত্র গায়ের রং দুধসাদা নয় বলে তাঁকে ছবি থেকে বাদ দিয়েছিলেন এক পরিচালক। এমনকি তাঁকে ‘অযোগ্য’ বলেও মন্তব্য করেছিলেন সেই নির্মাতা।

বাণীর ভাষায়, “একজন চিত্রনির্মাতা বলেছিলেন, চরিত্রের জন্য আমি যথেষ্ট ফর্সা নই। আমি দুধসাদা রঙের নায়িকা নই।”
তবে এই প্রত্যাখ্যানের পরেও আত্মবিশ্বাস হারাননি অভিনেত্রী। জানান, “যদি গায়ের রঙই অভিনয়ের যোগ্যতা নির্ধারণ করে, তবে আমি সেই ছবিতে কাজ করতেই চাই না। আমি আমার নিজের মতো নির্মাতা খুঁজে নেব।” তিনি আরও স্পষ্ট করেছেন, এই ঘটনাটি ঘটেছিল বহু বছর আগে, এবং ওই পরিচালক মুম্বইয়ের নন।
শুধু তাই নয়, বাণী জানান, আজও শরীর নিয়ে তাঁকে কটাক্ষ শুনতে হয়। অনেকে বলেন তাঁর ওজন বাড়ানো উচিত। কিন্তু বাণীর সোজাসাপ্টা বক্তব্য, “আমি যেমন, নিজেকে তেমনভাবেই ভালোবাসি।” তিনি নিজের ফিটনেস ও স্বাস্থ্য নিয়ে আত্মবিশ্বাসী এবং সমাজের তথাকথিত সৌন্দর্য-সংক্রান্ত ‘পরামর্শ’কে গুরুত্ব দেন না।
প্রসঙ্গত, এর আগেও অভিনেত্রী তমন্না ভাটিয়া সৌন্দর্যের অবাস্তব মানদণ্ড নিয়ে তীব্র আপত্তি জানিয়েছিলেন। তাঁকেও ‘মিল্কি বিউটি’ বলে ডাকার বিরোধিতা করতে দেখা গিয়েছে।
বাণী কাপূরের এই সাহসী স্বীকারোক্তি বলিউড ইন্ডাস্ট্রির সেই কুপ্রথার দিকেই আঙুল তুলছে, যেখানে আজও গায়ের রঙ, চেহারা বা সৌন্দর্যই সুযোগের প্রধান শর্ত
- হয়ে দাঁড়ায়।

