মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে কালীঘাট থেকে আটক ৬ চাকরিহারা মহিলা
DCN Web Desk | 29 মে, 2025| বাবান দাসের রিপোর্ট:
চাকরি পুনরুদ্ধারের দাবিতে আন্দোলন জারি রেখেছেন এসএসসি চাকরিচ্যুতরা। সেই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে সরাসরি দেখা করার উদ্দেশ্যে বৃহস্পতিবার সকালে কালীঘাটে তাঁর বাসভবনের সামনে উপস্থিত হন ৭ জন চাকরিহারা মহিলা প্রতিনিধি। তবে পুলিশের অনুমতি না থাকায়, তাঁদের মধ্য থেকে ৬ জনকে কালীঘাট থানার পুলিশ আটক করে।
আটক হওয়া মহিলা প্রতিনিধিদের নাম—সঙ্গীতা সাহা, রূপা কর্মকার, স্মৃতি রায়, নূর আমিনা গুলশন, শিল্পী চক্রবর্তী এবং সাহানি নাজনিন
চাকরিহারাদের দাবি, পরীক্ষায় বসা নয়—তাঁদের পুনর্নিয়োগ চাই। যদিও মুখ্যমন্ত্রী আগেই জানিয়ে দিয়েছেন, “পরীক্ষা দিতেই হবে”, পাশাপাশি ৩০ মে এসএসসি-র নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলেও তিনি মঙ্গলবার ঘোষণা করেছিলেন।
চাকরিচ্যুতদের একাংশের মতে, তাঁদের ভবিষ্যৎ অনিশ্চিত। তাই তাঁরা মুখ্যমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ চান। সেই কারণেই এই প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয় বলে দাবি।
তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার প্রশ্নে অনুমতি ছাড়াই হঠাৎ এমনভাবে আসা বেআইনি বলেই তাঁদের আটক করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কালীঘাটে মোতায়েন ছিল অতিরিক্ত পুলিশ বাহিনী।
এদিকে আগামী দিনে রিভিউ পিটিশনের শুনানি নিয়েও চোখ রাখবে চাকরিচ্যুতদের একাংশ। সেই শুনানির ফলাফল তাঁদের পরবর্তী আন্দোলনের গতিপথ নির্ধারণ করতে পারে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল।
আরও খবরের জন্য চোখ রাখুন DCN News Digital-এ।


