ইলন মাস্ক: ‘আমার সময় শেষ’, ট্রাম্প প্রশাসন থেকে সরে দাঁড়াচ্ছেন টেসলা প্রধান
প্রতিবেদন: বাবন দাস | সূত্র: DCN Digital:নয়াদিল্লি, ২৯ মে ২০২৫:
বিশ্বের অন্যতম ধনী ও টেসলা-স্পেসএক্স প্রধান ইলন মাস্ক জানিয়ে দিলেন তাঁর ‘নির্ধারিত সময়সীমা’ শেষ হয়েছে। সেই সঙ্গেই ট্রাম্প প্রশাসন থেকে পদত্যাগের ঘোষণা দিলেন তিনি। হোয়াইট হাউস সূত্রে জানা গেছে, বুধবার রাত থেকেই মাস্কের প্রশাসনিক সরে দাঁড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয়বার প্রেসিডেন্ট হওয়ার পর ইলন মাস্ককে তাঁর অন্যতম ঘনিষ্ঠ পরামর্শদাতা হিসেবে নিয়োগ করেছিলেন। মাস্কের জন্য হোয়াইট হাউসে গঠন করা হয় একটি বিশেষ দফতর—ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্টাল এফিশিয়েন্সি (DoGE), যার মূল উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের অপ্রয়োজনীয় ব্যয় ও জনবল কমিয়ে প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি।
১৩০ দিনের ম্যান্ডেট নিয়ে ৩০ মে পর্যন্ত দায়িত্বে ছিলেন মাস্ক। যদিও তাঁর সময়কাল আনুষ্ঠানিকভাবে শেষ হবার আগে একদিনই পদত্যাগের ঘোষণা এল। হোয়াইট হাউস বলছে, মাস্কের সরে দাঁড়ানো সত্ত্বেও ডিওজিই’র লক্ষ্য ও কাজ চলবে।
মাস্ক নিজে বলেন, “সময়মতো কাজ শেষ করেছি। ডিওজিই ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা নেবে। এটা সরকারের মাধ্যমে জীবনের অংশ হয়ে উঠবে।”
তবে হঠাৎ করে এমন সিদ্ধান্তের পিছনে কোনো বিশেষ কারণ রয়েছে কি না, তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। মার্কিন মিডিয়ায় দাবি উঠেছে, ট্রাম্পের সঙ্গে নানান প্রশাসনিক বিষয়ে মতানৈক্যই হয়তো এই পদক্ষেপের নেপথ্যে রয়েছে।
এক সময় ট্রাম্পের ‘বিশেষ আস্থাভাজন’ হিসেবে পরিচিত মাস্কের এভাবে পদত্যাগ প্রশাসনিক মহলে এক বড় চমক হিসেবেই দেখা হচ্ছে।

