সারাজীবন চলবে লক্ষ্মীর ভাণ্ডার” — বিধানসভা ভোটের আগে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর

রিপোর্ট:ডাবগ্রাম-ফুলবাড়ি, ২১ মে ২০২৫ | প্রতিবেদকঃ বাবণ দাস, DCN NEWS | আগামী বছরেই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগেই রাজ্য সরকারের অন্যতম জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ সফরের সময় ডাবগ্রাম-ফুলবাড়ির প্রশাসনিক সভামঞ্চ থেকে তিনি বলেন,
“লক্ষ্মীর ভাণ্ডার সারা ভারতে নয়, সারা পৃথিবীতে আমরা চালু করেছিলাম। সারাজীবন চলবে।”
মুখ্যমন্ত্রীর কথায়, এই প্রকল্প শুধু আর্থিক সহায়তা নয়, রাজ্যের মা-বোনেদের সম্মানের প্রতীক। তিনি বিরোধীদের কটাক্ষ করে বলেন,
“অনেকে ভোটের আগে অনেক প্রতিশ্রুতি দেয়, কিন্তু পরে তা ভুলে যায়। মুম্বই, রাজস্থান বা মধ্যপ্রদেশে তারা কিছুই দেয়নি। কিন্তু আমরা যা বলি, তা করি।”
উল্লেখ্য, ২৫ থেকে ৬০ বছর বয়সী রাজ্যের মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় মাসিক ভাতা পান—তপশিলি জাতি ও উপজাতি মহিলারা ১২০০ টাকা এবং সাধারণ শ্রেণির মহিলারা ১০০০ টাকা করে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আগামী নির্বাচনের আগে এই ভাতা ২০০০ টাকা পর্যন্ত বাড়ানোর সম্ভাবনা রয়েছে। যদিও সরকারিভাবে এখনো তা ঘোষণা হয়নি, তবে মুখ্যমন্ত্রীর বক্তব্যে ইঙ্গিত স্পষ্ট—এই প্রকল্পকে ঘিরে আরও কিছু সুখবর আসতে পারে।
লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প ২০২১ সালের নির্বাচনের আগে চালু হয় এবং তা রাজ্যবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে। মুখ্যমন্ত্রী এই প্রকল্পের ধারাবাহিকতা এবং বিস্তৃতিকে নতুন করে তুলে ধরলেন ভোটের প্রাক্কালে।
প্রতিবেদনঃ বাবণ দাস DCN NEWS | উত্তরবঙ্গ

